শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

হাজারীবাগে স্বর্ণ ব্যবসায়ীকে গুলী করে ৭০ ভরি সোনা ছিনতাই

 

স্টাফ রিপোর্টার: রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় সজল রাজবংশী নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলী করে ৭০ ভরি সোনা ও নগদ চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলীবিদ্ধ ব্যবসায়ীকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ ও পরে অন্য আরেকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর ছোট ভাই ঢাকা মহানগর পুলিশের কামরাঙ্গীরচর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা করেছেন।

তদন্তকারী পুলিশ কর্মকর্তারা বলছেন, আগে থেকে ওত পেতে থাকা পাঁচটি মোটরসাইকেলে সাত-আটজন ছিনতাইকারী ওই ব্যবসায়ীর পায়ে গুলী করে টাকা ও সোনার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী সজল রাজবংশী কামরাঙ্গীরচরের ‘ইতি জুয়েলার্সের’ মালিক। তিনি হাজারীবাগ সেকশন জেলেপাড়া এলাকায় থাকেন। তার বাবার নাম খোকন রাজবংশী। পুলিশ ও ভুক্তভোগী পরিবার বলছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে কামরাঙ্গীরচরের ইলহাম প্লাজার জুয়েলারি দোকান বন্ধ করে ব্যাগের মধ্যে ৭০ ভরি সোনা ও চার লাখ টাকা নিয়ে নিজের মোটরসাইকেলে করে হাজারীবাগের বাসায় ফিরছিলেন সজল। বেড়িবাঁধ সেকশন এলাকায় এসে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে হেলমেট পরা অন্তত সাত–আটজন তাঁর পথরোধ করে। এরপর একজন ফাঁকা গুলী ছুড়তে থাকে। তাদের মধ্যে হেলমেট পরা একজন এসে সোনার ব্যাগ জোর করে নিতে চাইলে সজলের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে কাছ থেকে সজলের বাঁ পায়ে গুলী করে ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এ ব্যাপারে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ঘটনার অন্তত ঘণ্টাখানেক আগে থেকেই বেড়িবাঁধ ট্রাফিক বক্স এলাকায় তিনটি মোটরসাইকেলে তিনজন অপেক্ষা করছিল। স্বর্ণ ব্যবসায়ীর মোটরসাইকেল সেখানে যাওয়ার পর তিনটি মোটরসাইকেল সামনে গিয়ে গতিরোধ করে। আরও দুটি মোটরসাইকেলে চারজন পেছন থেকে গিয়ে গুলী করে ব্যাগটি ছিনিয়ে নেয়। সজলের ছোট ভাই জয় রাজবংশী জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাত নামে একটি মামলা দায়ের করেছেন। দুর্বৃত্তরা হেলমেট পরা থাকায় কাউকে চিনতে পারেননি তার ভাই। পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ দেখে আসামী গ্রেপ্তারের চেষ্টা করছে। আর গুলীবিদ্ধ সজলকে ঢাকা মেডিকেলে পর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

অনলাইন আপডেট

আর্কাইভ